স্ত্রীকে বোন বানিয়ে চাকরি, নিয়োগ বাতিল - The News Lion

স্ত্রীকে বোন বানিয়ে চাকরি, নিয়োগ বাতিল




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের জামালপুর জেলার বকশীগঞ্জে স্ত্রী ও খালাতো বোনকে নিজের বোন বানিয়ে প্রাথমিক স্কুলের শিক্ষক পদে চাকরি দেওয়ায় দুজনের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের উত্তোলিত বেতন ভাতা ফেরতের ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।  


জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ ঘটনার মূল অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের মুক্তিযোদ্ধা শহিদুর রহমানের ছেলে আশরাফুল আলম বিপ্লব। তিনি ২০১৬ সালে স্ত্রী নাসরিন আক্তার ও খালাতো বোন শাপলা আক্তারকে আপন বোন বানিয়ে সরকারি প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক পদে চাকরির ব্যবস্থা করেন।  মুক্তিযোদ্ধার পোষ্য হিসাবে আশরাফুল নিজেও একই পদে চাকরি বাগিয়ে নেন।


 তারা তিনজনই কাগজপত্রে বাবা হিসাবে মুক্তিযোদ্ধা শহিদুর রহমানের নাম ব্যবহার করেন।  নাসরিন আক্তার বকশীগঞ্জের টুপকারচর, শাপলা আক্তার খেয়ারচর ও আরাফুল ইসলাম বিপ্লব মাদারে রচর সরকারি প্রাইমারি স্কুলে কর্মরত রয়েছেন। 


অভিযোগের ভিত্তিতে গত সেপ্টেম্বর মাস থেকে তদন্ত শুরু করে শিক্ষা বিভাগ। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে ঘটনার মূল অভিযুক্ত শিক্ষক আশরাফুল ইসলাম বিপ্লবের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। 


 জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষিকা নাসরিন আক্তার ও শাপলা আক্তারের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষক নির্বাচন কমিটি। এ ছাড়া তাদের যোগদানের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত গৃহীত বেতন ভাতা আদায়ের জন্য আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.